Friday, September 16, 2016

।।কিশোর বেলা : বিশ্বকর্মা পুজো ।।

পেরিয়ে এসেছি অনেক বছর ষাঠ দশকের বেশি, ঘরে তখন ছিল নাকো ফ্যান সিনেমা হলেও এ সি ; তবু, বাতাসের পালে হাওয়া ছিল আকাশে রঙিন ঘুড়ি উড়তো আপন খুশমেজাজে যতেক তাপ্পি জুড়ি । শতরঞ্জি,ময়ূরপঙ্খী,চাপরাশি,চাঁদিয়াল, মুখপোড়া আর পেটকাট্টি, কালো,শাদা,নীল,লাল---- উড়তো সবাই মাঞ্জাসুতোয় কল বাঁধা হাতে টান টান, লাটাই-ভরা সুতোর ভরসা প্যাঁচে হেরে গেলে যাবে মান ; 'ভোকাট্টা' দুয়ো ধ্বনি যে বাজবে কানে,লবে জান । বিশ্বকর্মা পুজো যে আজ : সেই দিন পড়ে মনে, সাতসকালে ঘুম ভাঙতেই চোখ ছুটতো ঘরের কোনে---- যেখানে রাখা বাছা বাছা ঘুড়ি মাঞ্জা-লাটাই সযতনে । দাঁতমাজা,মুখ ধোয়া চটপট সেরে,রুটি-গুড় খেয়ে ছাদ পানে সোজা ধাওয়া ; দুপুরে শুধু নীচে নামা ঘরে পেটে দিতে দুটি অন্ন, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতো শরীর অবসন্ন---- শেষ ঘুড়িটা নামিয়ে রাখতে আকাশ ধূসরবর্ণ । ক'টা ঘুড়ি কাটলাম, আর ক'টা ঘুড়ি গেল কাটা--- ঘুমের ঘোরে মাথায় ঘুরতো, যখন চারিদিকে সন্নাটা । পাশের বাড়ির কিশোরীর মুখ চকিতে ভাসতো মনে এরিয়লে ঘুড়ি জড়িয়ে গেলে যে খুলে দিত সযতনে । -----------দিলীপকুমার চট্টোপাধ্যায় সতেরোই সেপ্টেম্বর,2016.