Friday, September 16, 2016
।।কিশোর বেলা : বিশ্বকর্মা পুজো ।।
পেরিয়ে এসেছি অনেক বছর
ষাঠ দশকের বেশি,
ঘরে তখন ছিল নাকো ফ্যান
সিনেমা হলেও এ সি ;
তবু, বাতাসের পালে হাওয়া ছিল
আকাশে রঙিন ঘুড়ি
উড়তো আপন খুশমেজাজে
যতেক তাপ্পি জুড়ি ।
শতরঞ্জি,ময়ূরপঙ্খী,চাপরাশি,চাঁদিয়াল,
মুখপোড়া আর পেটকাট্টি,
কালো,শাদা,নীল,লাল----
উড়তো সবাই মাঞ্জাসুতোয়
কল বাঁধা হাতে টান টান,
লাটাই-ভরা সুতোর ভরসা
প্যাঁচে হেরে গেলে যাবে মান ;
'ভোকাট্টা' দুয়ো ধ্বনি যে
বাজবে কানে,লবে জান ।
বিশ্বকর্মা পুজো যে আজ :
সেই দিন পড়ে মনে,
সাতসকালে ঘুম ভাঙতেই
চোখ ছুটতো ঘরের কোনে----
যেখানে রাখা বাছা বাছা ঘুড়ি
মাঞ্জা-লাটাই সযতনে ।
দাঁতমাজা,মুখ ধোয়া
চটপট সেরে,রুটি-গুড় খেয়ে
ছাদ পানে সোজা ধাওয়া ;
দুপুরে শুধু নীচে নামা ঘরে
পেটে দিতে দুটি অন্ন,
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতো
শরীর অবসন্ন----
শেষ ঘুড়িটা নামিয়ে রাখতে
আকাশ ধূসরবর্ণ ।
ক'টা ঘুড়ি কাটলাম, আর
ক'টা ঘুড়ি গেল কাটা---
ঘুমের ঘোরে মাথায় ঘুরতো,
যখন চারিদিকে সন্নাটা ।
পাশের বাড়ির কিশোরীর মুখ
চকিতে ভাসতো মনে
এরিয়লে ঘুড়ি জড়িয়ে গেলে যে
খুলে দিত সযতনে ।
-----------দিলীপকুমার চট্টোপাধ্যায়
সতেরোই সেপ্টেম্বর,2016.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment