Friday, June 17, 2016

তিনটি লিমেরিক

ঝটকা বাতাস তারই সাথে বৃষ্টি গুঁড়িগুঁড়ি
গাছতলাতে পড়ল ঝরে হলুদ সোনাঝুরি।
মনে হচ্ছে বর্ষা এল খরতাপের পর 
এবার তবে নামবে বোধহয় তপ্ত মাটির জ্বর ;
মাটির সোঁদা গন্ধ নাকে দিচ্ছে সুড়সুড়ি । 

জানলা দিয়ে চকিত দেখা মাঠের মাঝখানে 
ছোট্ট  কুটির  ছিঁটেবেড়ায়  জীবন-সন্ধানে ----
হলুদ শাড়ি,নীল টিশার্ট, শিশুর লাল ফ্রক 
মেলে দেওয়া বিকেল রোদে করছে ঝকমক 
ট্রেন চলেছে নিজের তালে গন্তব্য স্থানে ।

সবুজ পাতার ছাঁকনি দিয়ে এক ঝলক হাওয়া
মুখে চোখে ছিটিয়ে দিল অনেক খুশির পাওয়া ;
মাঝে মাঝে শাখায় শাখায় পাখির কলরব
হোক না তাদের নিজের ভাষায় কিছুটা সরব----
তাদেরও তো থাকতে পারে অনেক কিছু চাওয়া ।          দিল্লী//17.06.2016.

No comments:

Post a Comment