Wednesday, July 13, 2016
একলা মানুষ
আমরা সবাই একলা মানুষ
অনেক জনের ভিড়ে,
কোলাহলের বাইরে গেলেই
ফিরি আপন নীড়ে।
নীড় বলতে খোলা আকাশ......
আদিগন্ত মাঠ,
গাছের ছায়া পথের ধারে
শান্ত পুকুর ঘাট ;
কিংবা কোনো কিংবদন্তী
পান্থশালার ধ্বসে
জিরিয়ে নেওয়ার দুই মুহূর্ত
পা ছড়িয়ে বসে,
এর বেশি তো চাইনা কিছুই
নিঃসঙ্গ হতে,
পাহাড়চূড়ায় হয় না যেতে
কঠিন মৌনব্রতে।
চিলেকোঠার ঘর যথেষ্ট
সঙ্গে বইয়ের পাতা,
কবিতা লেখার বাই থাকলে
পেন পেন্সিল খাতা,
এসব নিয়েও বনবাসে.....
থুড়ি,মনবাসে যাওয়া
খুবই সোজা,একলা হাওয়ায়
উদাসতরী বাওয়া।
কোন এক কবি পথক্লান্ত
সারা পৃথিবী ঘুরে,
নির্জনতা খুঁজে পেলেন
দুইটি চোখের নীড়ে ;
এমনি করেই নরনারী
নির্জনতম দ্বীপ
খোঁজার আশায় ভিড়ের মধ্যে
নিয়ে দৃষ্টিপ্রদীপ
ঘুরে বেড়ায় অহর্নিশি
গভীর গহণ অন্বেষণে,
কেউ জানেনা কখন কোথায়
ধরা পড়ে কোনখানে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment